রাজধানীর কদমতলীতে অভিনব কাদায় দম্পতিকে অচেতন করে স্বর্ণ অলঙ্কার ও টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক কবিরাজ। ওই দম্পতি হলেন- পশু পাখি ব্যাবসায়ী মনির হোসেন (৪০) ও তার স্ত্রী মোসা. জেসমিন (৩০)।
শনিবার বিকালে ওই দম্পতিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরের শ্যালক লিটন জানান, তার বোন জেসমিন ও দুলাভাই কদমতলীর নুরবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। দীর্ঘদিন যাবৎ মনিরের পারিবারিক সম্পত্তি বেহাত হয়ে রয়েছে। এই সম্পদ উদ্ধারের জন্য তারা অনেক চেষ্টা করেছে। সম্প্রতি এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে এক কবিরাজ এসব সম্পদ উদ্ধার করতে পারে। তারা ওই কবিরাজের সঙ্গে যোগাযোগ করলে কবিরাজ তাদের উদ্ধারের আশ্বাস দিয়ে ওই বাসায় গত ৩/৪ দিন যাতায়াত করেন। গত শুক্রবার রাতে কবিরাজ তাদের বাসায় থাকেন। রাত ৩টায় কবিরাজ ওদের দুজনকে সরবত খাওয়ায়, পরে তারা অচেতন হয়ে পড়লে, কবিরাজ তার বোনের গলার চেইন, কানের দুল ও ঘরের আলমারিতে থাকা অর্থ নিয়ে পালিয়ে যায়। সকালে তার বোন ও দুলাভাইয়ের মোবাইল নম্বরে তারা কল দিয়ে কোন উত্তর পাননি।
এরপর শনিবার দুপুর ১২টার দিকে ওই বাসায় গিয়ে দেখেন তার বোন দুলাভাই অচেতন হয়ে ঘুমিয়ে রয়েছেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। তবে কি পরিমাণ জিনিসপত্র খোয়া গেছে, তা এই মুহূর্তে সঠিক করে বলা যাচ্ছে না বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআই