নারায়ণগঞ্জ এবং আশেপাশের এলাকাতে শক্তিশালী জঙ্গি ঘাঁটি থাকার আশংকা রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক। তিনি বলেছেন, 'এখন দেশের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ আর মাদক। ঢাকা নারায়ণগঞ্জ এবং আশেপাশের এলাকাতে জঙ্গি ঘাঁটি থাকার সম্ভাবনা রয়েছে। যদি থাকে তা ধ্বংস করা হবে, শুধু সময়ের অপেক্ষা।'
শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন রমজান মাস উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার। ব্যবসায়ী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, শ্রমিকনেতারা এ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় জঙ্গিবাদ ধ্বংসের জন্য গণমাধ্যম সহ সকলের সহযোগিতা চান মঈনুল হক।
পুলিশ সুপার জঙ্গিবাদ দমন সম্পর্কে আরো বলেন, 'নারায়ণগঞ্জে প্রতিটি বাড়িতে আমরা ভাড়াটিয়া ফরম নিবন্ধনের কার্যক্রম শুরু করেছি। এটা শুনতে খারাপ দেখা গেলেও, নিজেদের ভালোর জন্যই এই ভাড়াটিয়া ফরম বিতরণ করা হচ্ছে। জঙ্গিদের আস্তানায় যদি কোন বিস্ফোরণ ঘটে সেটা শুধু মাত্র জঙ্গির ঘরেই সীমাবদ্ধ থাকবে না। আশেপাশের কয়েকটি বাড়ি উড়িয়ে নিয়ে যেতে সক্ষম। তাই নিজেদের কথা চিন্তা করেই আশেপাশে কে থাকছে তাদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।'
এ সময়ে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতে পাকলিক প্রসিকিউটর অ্যাড. ওয়াজেদ আলী খোকন, বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি হাতেম আলী, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমাসের্র সভাপতি খালেদ হায়দার খান কাজল, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, মহানগর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।
ইত্তেফাক/জামান