কুমিল্লায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় শাহজাদা মিয়া নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় শাহজাদাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহজাদা নগরীর ব্রিটিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে নগরীর সুজানগর এলাকার সহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নিহত শাহজাদার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র সাফায়াতের বন্ধুত্ব ছিল। কিছুদিন যাবৎ তাদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধ চলে আসছিল। সন্ধ্যার দিকে নগরীর নজরুল এভিনিউ এলাকায় সাফায়াতসহ আরও ৩/৪ জন শাহজাদাকে কুপিয়ে মারাত্মক আহত করে।

রাতে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ‘হত্যাকান্ডের বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পড়ে থাকা একটি ব্যাগের সূত্র ধরে অর্পণ নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সে নগরীর মডার্ন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।’

ইত্তেফাক/নূহু