কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম ইসলাম (৩০), রবিবার সকাল ১০টায় বিজিবি সদর দপ্তরের সামনে বাসের ধাক্কায় নির্মল মণ্ডল (৩০) নামে এক মাছ ব্যবসায়ী ও গোবিন্দপুরে রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত নামা এক ভিক্ষুক নিহত হয়েছেন।
এছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে শৈলকূপা থেকে ছেড়ে ঢাকা অভিমুখী কুষ্টিয়া একপ্রেস নামের একটি বাস মালবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।
আহতরা হলেন, ঝিনাইদহের শৈলকূপা কবিরপুরের শাহেদ (৩৫), সাতক্ষীরার শ্যাম নগর গাবুরা গ্রামের রহমান আলী (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হাতীয়া গ্রামের হাওয়া খাতুন (৬০), রাজবাড়ী পাংশা সেনগ্রামের হেলাল মণ্ডল হেলপার (৩৫), সদর উপজেলার বেলঘড়িয়ার মমতাজ খাতুন (৪৫), মিরপুর উপজেলার বহলবাড়ীয়ার ইউসুফ আলী (৪০)।
এদিকে সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী একটি অটো বাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো বাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মণ্ডল রাস্তায় ছিটকে পদে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/জামান