বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে গাছের সঙ্গে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলানো রেজাউল করিম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশ উদ্ধার করে কাহালু থানার পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, বিশা উত্তর পাড়া গ্রামের কাজেম উদ্দিনের পুত্র রেজাউল গত শনিবার বিকেলে বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর আর সে বাড়ি ফেরেনি। রবিবার সকালে গ্রামের লোকজন তার বাড়ির পাশে মাঠের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলানো অবস্থায় তার মৃত দেহ দেখতে পেয়ে কাহালু থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায়, রেজাউলকে হত্যা করা হয়েছে কি-না অথবা সে আত্মহত্যা করেছে কি-না সে বিষয়ে এখনো পুলিশ কিছু বলতে পারছেনা। রেজাউল পেশায় একজন সিমেন্টের খুঁটি তৈরির মিস্ত্রী ছিল বলে জানা যায়। এ ব্যাপারে কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জামান