ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট। অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২শ পয়েন্ট। গতকাল সূচকের পতন হলেও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বুধবার ডিএসইতে ৪৫১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি ৫২ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৬ টি কোমপানির ৮ কোটি ৩৮ লাখ ৭ হাজার ২২৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৯ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫৪৫২ দশমিক ২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২৯ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৯৪৭ দশমিক ৮৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১২৬৯ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, কমেছে ২৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল- ইউনাইটেড পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণ ফোন, মুন্নু সিরামিকস, বিএসসিসিএল, ফরচুন সুজ, ন্যাশনাল পলিমার, মুন্নু স্টাফলার, ব্র্যাক ব্যাংক ও আলিফ ইন্ডা.। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, ফিনিক্স ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়ী মি. ফা. ফার্স্ট স্কিম ১, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিআইএফসি, গ্রিন ডেল্টা, জনতা ইন্স্যুরেন্স ও ফেডারেল ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৩৫ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।
ডিএসই ও কলম্বো স্টক এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা পারস্পরিক সহযোগিতার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিডেট (ডিএসই) ও কলম্বো স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভা বন্দরনায়েক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। ২৮ মার্চ কলম্বোতে এই চুক্তি স্বাক্ষর হয়। এসময় ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ও সিএসইর হেড অব স্ট্র্যাটেজি নিলমা সামারাসিংহে উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, উভয় স্টক এক্সচেঞ্জ তথ্য বিনিময়, বিশেষ করে পণ্য উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও মূলধন উত্তোলন বিষয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে স্টক এক্সচেঞ্জের অগ্রগতি সাধনে কাজ করবে। এর ফলে দক্ষিণ এশিয়া অঞ্চলে পুঁজিবাজারের উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি হবে বলে ডিএসই আশা করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, এই সমঝোতা স্মারক উভয় স্টক এক্সচেঞ্জের যৌথ উন্নয়ন প্রচেষ্টাগুলোকে আরো দক্ষ করে তুলবে, যাতে দক্ষিণ এশিয়া অঞ্চলে উভয় স্টক এক্সচেঞ্জ নেতৃস্থানীয় স্টক এক্সচেঞ্জে পরিণত হতে পারে। সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভা বন্দরনায়েক বলেন, আমরা ভবিষ্যতে শেয়ারবাজারের উন্নয়নে ডিএসইর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।