‘প্রধানমন্ত্রীর আইএইএর সম্মেলনে যোগদানে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সম্মেলনে যোগ দেয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সুসংহত হবে। 
 
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রবিবার এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উপস্থিত ছিলেন। 
 
আইএইএ সম্মেলনে যোগ দেয়ার প্রাক্কালে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
 
প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হবে একথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নশীল ও অন্যান্য স্বল্পোন্নত দেশগুলো এ অনুষ্ঠানে আর্থ-সামাজিক উন্নয়নে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার সম্পর্কে বাংলাদেশের কাছে জানতে পারবে।
 
মাহমুদ আলী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারমানবিক শক্তিতে বাংলাদেশের কারিগরি সক্ষমতা গড়ে তুলতে আইএইএ’র কারিগরি সহায়তা কর্মসূচির বিষয়ে আলোকপাত করবেন। এতে বিজ্ঞানভিত্তিক ডিজিটাল সমাজ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচির কথাও তুলে ধরা হবে।
 
শেখ হাসিনা ৩০ মে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন দ্য আইএইএ টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম : কন্ট্রিবিউটিং টু ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে ঢাকা ত্যাগ করবেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি