ইত্তেফাক রিপোর্ট
প্রতিটি মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায় চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক (এসবিএসসি)। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ৩০টি কমিউনিটি শাখা খোলার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাওয়াজ ও মো. সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লা প্রমুখ।
এস. এম. আমজাদ হোসেন বলেন, উত্পাদনশীল খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসবিএসি ব্যাংক কাজ করছে। যাতে করে বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া ফিক্সড প্রাইজ মেথডে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসবে এ ব্যাংক। এজন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে ব্যাংকটি।
এসবিএসি ব্যাংকের বর্তমান অবস্থা ও আগামীর লক্ষ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক। তিনি বলেন, আমরা আগ্রাসী ব্যাংকার হতে চাই না। আগ্রাসী ব্যাংকিং করতেও চাই না। তিনি বলেন, এসবিএসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কমিউনিটি ব্যাংকিং সেবা কার্যক্রমে উদ্যোগ নিয়েছে।