রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি ’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৯ জুন ধার্য করেছে আদালত।
আজ সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জুন ঠিক করেন।
মামলার আসামিরা হলেন- আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। এদের মধ্যে রহমত আলী ব্যতীত সকল আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ আসামিই কারাগারে রয়েছেন। আজ তাদের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানী কে ব্লকের ২৭ নম্বর রোডে অবস্থিত দ্য রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ মে এক অভিযোগকারী বনানী থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/কেকে