নৌবাহিনীর ব্যবস্থাপনায় খুলনায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর শিববাড়ী মোড়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাটির এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসাবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করেন।
এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার সামসুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কেএমপির উপ পুলিশ কমিশনার (সদর) ফজলুর রহমান উপস্থিত ছিলেন। পরে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
র্যালিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও বিএনসিসির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষী অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৯ মে দিবসটি পালন করা হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ