দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন অভ্যন্তরীণ কর্তৃপক্ষ। সোমবার দুপুর পৌনে দুইটায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মাঝ নদীতে থাকা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত এ নির্দেশ বলবত্ থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম থেকে ৪৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০, মংলা থেকে ৫৪০ ও পায়রা বন্দর থেকে ৪৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। চট্টগ্রাম ও কক্সবাজারে ৭নং সংকেত এবং মংলা ও পায়রায় ৫নং সংকেত রয়েছে।
তিনি জানান, নদী বন্দরগুলোতে ২ নং সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে ৪ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া বরিশালের উপর দিয়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাবে।
ইত্তেফাক/এএম।