‘পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দ. এশিয়ায় ক্ষমতায় ভারসাম্য এনেছে’

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ১৯৯৮ সালে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে। তিনি বলেন, পারমাণবিক পরীক্ষা পাকিস্তানে আক্রমণ করতে ইচ্ছা রাখা শত্রুদের কঠিন বার্তা দিয়েছে যে আক্রমণ করলে কঠোর জবাব দেয়া হবে না।
 
১৯৯৮ সালের ২৯শে মে প্রথমবার পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে পাকিস্তান। এই দিনটিকে পাকিস্তানের ইতিহাসে অবিস্মরণীয় দিন বলে ঘোষণা করেন শরীফ। তিনি বলেন, পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে, এটি একটি শান্তির প্রতীকে পরিণত করেছে কারণ এতে এই অঞ্চলের ছোট দেশগুলো শান্তির নিশ্বাস ফেলেছে।
 
তিনি যোগ করেন, ১৯ বছর আগে আমরা আমাদের দেশের প্রতিরক্ষা অভেদ্য করে গড়ে তুলেছি। এখন আগের মতোই উৎসর্গ ও আবেগ নিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল করে তুলবো। বর্তমান যুগে কোনো দেশের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে বিচ্ছিন্ন কিছু নয়। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সাব্বির