কলাতলীতে সাত হোটেলকে জরিমানা
সায়ীদ আলমগীর, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতের আশপাশে গড়ে উঠেছে সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউস। এসব হোটেল-মোটেলের অধিকাংশেরই অগ্নিনিরাপত্তায় ত্রুটি আছে বলে দীর্ঘদিনের অভিযোগ।
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা আমলে নিয়ে কক্সবাজার জেলা প্রশাসন এসব দুর্ঘনার ঝুঁকি কমাতে আবাসিক প্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনায় মাঠে নেমেছে। গত সোম ও মঙ্গলবার সাতটি হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দু’লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার ও শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গত সোমবার অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। এসময় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ক্রটি থাকায় কলাতলী বাইপাস রোড়ের সি ওয়ার্ল্ড বিচ রিসোর্টকে ৫০ হাজার, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজকে ৩০ হাজার ও উইন্ডি ট্রেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন বেগম সেতুর অভিযানে কলাতলীর প্রতীক জিনিয়া হোটেলকে ৫০ হাজার, ঢাকা হোম হাইপেরিয়নকে ৩০ হাজার, পউষী বাংলা রেস্তোরাঁকে ১০ হাজার ও হোয়াইট অর্কিড হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কক্সবাজার দমকল বাহিনীর কর্মকর্তা শাফায়েত হোসেন সাগর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ ও নাসরীন বেগম সেতু বলেন, যে কয়েকটি হোটেলে অভিযান চালানো হয়েছে- সবারই অসতর্কতার বিষয়টি স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। প্রত্যেক হোটেলে এ অভিযান পর্যায়ক্রমে চালবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, দমকল বাহিনীসহ সকল বিভাগকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা মজবুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। হোটেল বা বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি সারিয়ে সতর্ক রাখতে মাঠে নামানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিকল্পিত পর্যটনের স্বার্থে এটি চলমান থাকবে।