বিএনপির স্থানীয় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ অতীতে ভোট পাওয়ার জন্য খেলাফত মজলিশের সাথে ৫ দফা চুক্তি করেছেন। আবারো ভোট পাওয়ার জন্য হেফাজত ইসলামের সাথে যে নাটক, বন্ধুত্ব করার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না। তবে একটি কথা প্রমাণিত, আওয়ামী লীগ সুবিধাবাদী ও ফ্যাসিবাদী রাজনৈতিক দল।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন
মওদুদ বলেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ধর্মনিরপেক্ষতা একটি আকর্ষণীয় শব্দ। অথচ আওয়ামী লীগ সেটিকে বিশ্বাস করে না। তারা পঞ্চদশ সংশোধনী করেছেন, সংবিধানকে পরিবর্তন করেছেন কিন্তু সংবিধান থেকে বিসমিল্লাহি রাহমানির রাহিম মুছতে পারেননি। এবং ইসলাম রাষ্ট্র ধর্ম সেটাও সংবিধান থেকে বের করতে পারেননি। প্রশ্ন দেখা দিয়েছে, এটা তাহলে আওয়ামী লীগের কোন ধরনের ধর্মনিরপেক্ষতা?
মওদুদ আহমদ বলেন, সংবিধানে নির্বাচন বলতে যা বুঝায় বাংলাদেশে ২০১৪ সালে সেই নির্বাচন হয়নি। তাই নির্বাচিত সরকার না হয়েও বিভিন্ন শক্তির আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। কিন্তু দেশের মানুষ কোনো একটি রাজনৈতিক দলকে বেশিদিন ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় পরিবর্তন। স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সরকার খুন, গুম, হত্যা চালিয়ে যাচ্ছে মানুষ অবশ্যই পরিবর্তন দেখতে চায়।
ইত্তেফাক/এএম।