আইসিটি মামলায় জামিন পেলেন কুষ্টিয়ার দুই সাংবাদিক

কুষ্টিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় ২০ দিন কারাভোগের পর সোমবার দুপুরে দুই সাংবাদিক জামিন পেয়েছেন।
 
জামিন পাওয়া দুই সাংবাদিক হলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাসান আলী এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য আসলাম আলী।  কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জায়েদ মনসুর ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। 
 
এর আগে উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে গত ৯ মে সাংবাদিক হাসান ও আসলাম কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. মেজবাউল হক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। 
 
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অফিসে কর্মরত অবস্থায় যমুনা টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, বাংলাভিশন-বণিক বার্তা ও বিডিনিউজ ২৪ ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং কুষ্টিয়া স্থানীয় দৈনিক কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলীকে থানায় নিয়ে এসে প্রায় দুই ঘণ্টার বেশি সময় আটক করে রাখেন। পরবর্তীতে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের হস্তক্ষেপে আটক তিন গণমাধ্যম কর্মীকে ছেড়ে দেয় পুলিশ। তবে ছেড়ে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণ করা হয় এবং ওই দুই সাংবাদিককে এই মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, (Sultan Eslam) নামের একটি ফেসবুক আইডি থেকে হাসিবুর রহমান রিজু নামে স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। উক্ত (Sultan Eslam) নামের আইডির বিষয়ে তদন্ত না করেই প্রমাণ ছাড়াই দুই জন গণমাধ্যমকর্মীকে স্পর্শকাতর এই মামলার আসামি করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি