প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আয়োজনে কার্যালয়স্থ করবী হলে ‘সার্ভিস ইনোভেশন ফান্ড-এর ৯ম রাউন্ডের প্রকল্পসমূহের ওরিয়েন্টেশন এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
সার্ভিস ইনোভেশন ফান্ডের চলমান ধারায় মোট ৩০টি প্রকল্প এই রাউন্ডে অনুমোদন পেয়েছে। একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এ যাবৎ ৯টি রাউন্ডে মোট ১৬৩টি প্রকল্প পুরষ্কৃত করা হয়েছে। যেগুলো বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে এসেছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি, জনগণের জন্যে সরকারি সেবা, সরকার থেকে ব্যবসায়ীদের জন্য সেবা, প্রতিবন্ধীদের সহায়ক সেবা, জীবনমান উন্নয়ন ও সেবা সহজিকরণে বিভিন্ন প্রকার যন্ত্র।
এছাড়া তরুণ উদ্ভাবকদের কাছ থেকে আসা উদ্ভাবনী উদ্যোগসমূহ বাস্তবায়নে এটুআই প্রোগ্রাম থেকে অনুদান প্রদান করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা ‘সল্ভ-এ-থন’ থেকে আসা উদ্যোগগুলোর মধ্যে শ্রেষ্ঠ ১১টি প্রকল্প এবং বিভিন্ন বয়সের নারীদের সমস্যা সমাধানের প্রতিযোগিতা ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’-এর শ্রেষ্ঠ ৭টি প্রকল্প থেকে ২টি প্রকল্পকে এইবার সার্ভিস ইনোভেশন ফান্ডের মাধ্যমেই অনুদান প্রদান করা হয়েছে। এইবারই প্রথম এটুআই প্রোগ্রাম থেকে চ্যালেঞ্জ ফান্ডের আওতায় উদ্ভাবনী প্রকল্পকে অনুদান প্রদান করা হচ্ছে। এটুআই প্রোগ্রাম ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ অর্থায়নে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে ‘বাল্য বিবাহ প্রতিরোধ ও মেয়েদের স্কুল থেকে ঝরে পরা নিরসনে’ তৈরি চ্যালেঞ্জ ফান্ড প্রদান করা হয়েছে বাছাই প্রক্রিয়ায় শীর্ষে থাকা ২টি প্রকল্পকে।
IMG0
উল্লেখ্য, জনগণের সেবা প্রাপ্তি আরো সহজ করতে ও সরকারি সেবার মান উন্নয়নে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের ইনোভেশন প্রচেষ্টায় সহায়তা প্রদান করতে এবং বিদ্যমান ক্ষুদ্র ও মধ্যম পর্যায়ের উদ্যোগসমূহে উদ্ভাবনী দক্ষতার বিকাশে চালু করা হয় ‘সার্ভিস ইনোভেশন ফান্ড’। বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউএসএইড এর সমন্বয়ে গঠিত এ ফান্ড পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে।
প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি উপস্থিত চিফ ইনোভেশন অফিসার এবং ইনোভেশন অফিসারকে বিশেষভাবে অনুরোধ করেন এই সকল উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর থেকে সকল প্রকার সহায়তা নিশ্চিত করার জন্যে।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক হিসেবে এটুআই প্রোগ্রামের পরিচালক (ইনোভেশন) মো. মোস্তাফিজুর রহমান মোট ৪৫টি অনুমোদিত প্রকল্পের আবেদনকারী, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের চিফ ইনোভেশন অফিসার এবং ইনোভেশন অফিসারগণদের স্বাগত জানান। আগামী এক বছর ধরে প্রকল্প বাস্তবায়নকালে উদ্ভাবকদের করণীয় বিষয়গুলোতে আলোকপাত করেন।
বছর জুড়ে সার্ভিস ইনোভেশন ফান্ডের জন্যে প্রস্তাব অনলাইনে গ্রহণ চলছে। যে কেউ www.ideabank.eservice.gov.bd ওয়েবসাইটে গিয়ে একটি সহজ ফরম পূরণ করে তার আবেদন প্রেরণ করতে পারে। জমাকৃত প্রকল্প আবেদন একটি প্রতিযোগিতামূলক উপায়ে যাচাই-বাছাই এবং কারিগরি বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন হবার পর তা অনুমোদনের জন্যে সার্ভিস ইনোভেশন ফান্ডের এক্সিকিউটিভ কমিটির সামনে উপস্থাপন করা হয়। এই পুরো প্রক্রিয়াতে এটুআই প্রোগ্রাম থেকে উদ্ভাবকদের সকল প্রকার কারিগরি সহায়তা প্রদান করা হয়।
ইত্তেফাক/ইউবি