পেকুয়ায় ইউপি সদস্য জাহাঙ্গীর কারাগারে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে হামলা ও চাঁদাবাজির একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকালে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

মামলার নথিতে উল্লেখ রয়েছে, পেকুয়ার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুর রহিমের কাছ থেকে চাঁদা দাবি করছিলেন বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালীর জাফর আলমের ছেলে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। গত বছরের ৫ এপ্রিল আব্দুর রহিমের বসতবাড়িতে হামলা চালায় জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন। আদালত অভিযোগটি পেকুয়া থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে সত্যতা পেয়ে পুলিশ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী সাইফুল হক বলেন, আসামি জাহাঙ্গীর আলম মহামান্য হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের নির্ধারিত সময় শেষে তিনি নিম্ন আদালতে হাজির হননি। সোমবার তিনি কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন; কিন্তু আদালত তা না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে।