বার্গারের বিজ্ঞাপনে বেলজিয়ামের রাজা!

বিশ্বের স্বীকৃত রাজপরিবারগুলোর মধ্যে বেলজিয়ামের রাজপরিবার বিশেষ প্রসিদ্ধ। সাধারণত কোনো ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে তারা অংশ নেননি। তবে এবার মার্কিন ফাস্ট ফুড কোম্পানি ‘বার্গার কিং’ তাদের একটি বিজ্ঞাপনে সুকৌশলে বেলজিয়ামের কিং ফিলিপকে যুক্ত করেছেন।

বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘বার্গার কিং’। প্রতিষ্ঠানটি আগামী মাসেই বেলজিয়ামে বার্গার কিংয়ের একটি শাখা চালুর পরিকল্পনা করছিল। এই জন্য অনলাইনে একটি প্রচারণার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি।

অনলাইনের ঐ প্রচারণা ক্যাম্পেইনে একপাশে ‘বার্গার কিং’য়ের একটি লোগো আর অন্যপাশে কিং ফিলিপের একটি ছবি রেখে জানতে চায়, কে আসল রাজা? যেসব ব্যবহারকারী কিং ফিলিপকে বাছাই করেছে তাদের প্রশ্ন করা হয়েছে, আপনি কি নিশ্চিত? কারণ তিনি কিন্তু আপনার জন্য কিছু ভেজে দিতে পারেন না। এর মধ্য দিয়ে তারা মূলত বলতে চেয়েছে, কিং বার্গারই পারে আপনার পছন্দের খাবারটি তৈরি করে দিতে।

তবে কিং ফিলিপের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটির এমন হঠকারী বিজ্ঞাপনী প্রচারণায় কিং ফিলিপকে যুক্ত করায় দারুণ চটেছে দেশটির শীর্ষ মহল।-ইউপিআই

ইত্তেফাক/নূহু