যশোর উপশহর পার্কের সামনে নাশকতা পরিকল্পনা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও তার ছেলেসহ ৪৩ জনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। ডিবি পুলিশের এস.আই বিপ্লব হোসেন যশোর আদালতে এ চার্জশিট দাখিল করেন। ২৯ মে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা হয়েছে।
চার্জশিটে অন্য আসামিরা হলেন, তরিকুল ইসলামের ছেলে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহেম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, বিএনপি নেতা রফিকুর রহমান তোতন, অ্যাডভোকেট জাফর সাদিক, রিপন চৌধুরী, রফিকুল ইসলাম মল্লিক চাঁদ, সাবেক পৌর কাউন্সিলর চাঁচড়া আনিচুর রহমান মুকুল, আজিজুল কামাল সুইট, ফিরোজা বুলবুল কলি প্রমুখ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে উপশহর পার্কের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নেতৃত্বে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পনা করছিল বিএনপি নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ কয়েকজনকে আটক ও ৫টি বোমা এবং কয়েকটি লাঠি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইউসুফ হোসেন বাদী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি দিয়ে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা করেন। তদন্ত শেষে অভিযোগ পাওয়ায় মোট ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে।
আর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় আসামি জাকির হোসেনের অব্যাহতি চাওয়া হয়েছে। অভিযুক্ত তরিকুল ইসলামসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়েছে।
ইত্তেফাক/নূহু