কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপর নাম এখন রীতিমত পরিণত হয়েছে ডেপুটেশন চিকিৎসক সাপ্লাই কমপ্লেক্সে। নিয়ম অনুযায়ী ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ, আরএমওসহ ১৪ জন ও ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১২ জনসহ মোট ২৬ জন চিকিৎসক থাকার কথা। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১৪ জনের মধ্যে ইউএইচএ, আরএমওসহ আছেন মাত্র ৫ জন। ৯ জন স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ডেপুটেশনে কুষ্টিয়া মেডিকেল কলেজে কর্মরত।
অন্যদিকে ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের ১২টির মধ্যে ৬টি পদ শূন্য। বাকি ৬টি পদের ৫ জন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ডেপুটেশনে কুষ্টিয়া মেডিকেল কলেজে কর্মরত।
অর্থ্যাৎ ২৬টি পদের অর্ধেকের বেশি ১৪ জন আছেন ডেপুটেশনে। ডেপুটেশনে থাকা চিকিৎসকরা হলেন, জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি ডাঃ বসির উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ শামীমা আক্তার, ইনডোর মেডিক্যাল অফিসার ডাঃ কামরুন নাহার, ডাঃ নুর-এ- নাসরীন, ডাঃ নাজনীন হাবিব, বহলবাড়ীয়া ইউনিয়ন সেন্টারের সহকারী সার্জন ডাঃ অনামিকা অধিকারী, কুর্সা ইউনিয়ন সেন্টারের সহকারী সার্জন ডাঃ আনিছুর রহমান, আমবাড়ীয়া ইউনিয়ন সেন্টারের সহকারী সার্জন ডাঃ তামিমা আফরোজ, মালিহাদ ইউনিয়ন সেন্টারের সহকারী সার্জন ডাঃ শামীম আরা বেগম, বারুইপাড়া ইউনিয়ন সেন্টারের সহকারী সার্জন ডাঃ এ জে এম মুছাদ্দেক রেজা।
বছরের পর বছর ওই চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ডেপুটেশনে থাকলেও ডেপুটেশন বাতিল করে স্ব স্ব স্বাস্থ্যকেন্দ্রে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নাই।
নারী ও শিশুবান্ধব বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থাকার পরও এ স্বাস্থ্য কেন্দ্রে অর্ধযুগ ধরে গাইনী ও শিশুরোগ বিশেষজ্ঞ’র পোষ্টিং নাই।
চিকিৎসক সংকটের কারনে, সাড়ে তিন লাখ জনসংখ্যার উপজেলা সরকারী স্বাস্থ্য সেবার এ প্রতিষ্ঠানটির চিকিৎসা সেবা রীতিমত ভেঙ্গে পড়েছে। চিকিৎসক সংকটের কারনে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাকিব, মেডিক্যাল অফিসার ডাঃ মাসুদুল হাসান ও ডেন্টাল সার্জন ডাঃ এস এম সাজ্জাদুল ইসলামকে দিয়ে রাত্রীকালীন জরুরী সেবা প্রদান করতে হচ্ছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এ্যাম্বুলেন্সটি ৬ মাস আগে ব্যাবহারের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাতিল করা হলেও নতুন কোন এ্যাম্বুলেন্স সংযুক্ত করা হয়নি।
এসব বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন ফরাজীর সঙ্গে আলাপ করা হলে তিনি বলেন, এ সকল বিষয়ে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য, তথ্যমন্ত্রী হাসানূল হক ইনু মহোদয় ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউএনওকে জানানো হয়েছে।
ইত্তেফাক/নূহু