টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাসির (১৩) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। তার বাবার নাম মুনসের আলী। নাছিরের গ্রামের বাড়ি রংপুর হলেও বাবা মায়ের সঙ্গে মহেড়া এলাকায় থেকে শ্রমিকরে কাজ করে আসছিল। আজ মঙ্গলবার সকালে কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে নাছির নিহত হয়েছে বলে শ্রমিক সুত্র জানিয়েছে।
জানা গেছে, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে দীর্ঘ দিন ধরে অরক্ষিত অবস্থায় ভবন নির্মাণের কাজ চলছে। কর্তৃপক্ষের নজরদারির অভাবে ঠিকাদার এবং মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ কম টাকায় শিশু শ্রমিক দিয়ে ভবন নির্মাণের কাজ করে আসছে। ভবন নির্মাণের জন্য ছাদে ও দেয়ালের চারপাশে নিরাপত্তার জন্য রেলিং ও চটের বস্তা না থাকায় কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিক শিশু নাছির মারা গেছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাছির নাশে এক শিশু শ্রমিক ভবন থেকে পড়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে