রাজধানীতে রূপনগরে স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম নাজমুল ইসলাম শামিম (২৫)।
বারান্দার গ্রিলের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় মঙ্গলবার সকালে রূপনগর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ। শামিমের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাবুপুর গ্রামে। রূপনগরের আবাসিক এলাকায় ২৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে স্ত্রী জোবাইদুন নাহারকে নিয়ে বসবাস করতেন।
এসআই শহিদুল্লাহ বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শামিমের পরিবারের বরাত দিয়ে শহিদুল্লাহ জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে শামিম বাসার বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইত্তেফাক/এএম।