জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জমশেদ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত ও ১৫জন আহত হন।
 
আহতদের সিলেট ওসামানী হাসপাতাল ও জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমশেদ আলীকে প্রথমে আহত অবস্থায় জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তকে মৃত ঘোষণা করেন। পরে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে সেহরির সময় জামশেদ আলী এলাকার মুসল্লিদের ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে থাকেন। কিন্তু এই বিষয়ে এলাকার শায়েস্তা মিয়ার ঘোর আপত্তি। বিষয়টি নিয়ে এ পর্যায়ে মঙ্গলবার বিকালে উভয়ের মধ্যে বচসা হয়।
 
এসময় আশারকান্দি ইউনিয়নের শেওড়া ও ছোট শেওড়া চাতকুড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এই হতাহতের ঘটনা ঘটে। নিহত জমশেদ আলীর দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, 'লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।'
 
ইত্তেফাক/জামান