প্রস্তুতি ম্যাচে অনুজ্জ্বল বোলাররা

ম্যাচের আগে গা গরমের সময়ও মাঠে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে টসের ভাগ্য পরীক্ষায় নামলেন সাকিব আল হাসান। মাশরাফি একাদশে নেই! খবরটা আলোর বেগেই যেন কেনিংটন ওভাল থেকে ছড়িয়ে পড়ল চারদিকে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও সে খবর উত্তাপ ছড়াল বেশ কিছুক্ষণ।

বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ককে। চোট বা ষড়যন্ত্রেরও কোনো ছিটেফোঁটা নেই। টিম ম্যানেজমেন্টের এমন আশ্বাস বাণীর পরই থেমেছে বাঙালির মাশরাফি সম্পর্কে কৌতূহল।

নিছক প্রস্তুতির আবহেই গতকাল ম্যাচটা খেলেছে বাংলাদেশ। মাশরাফির সঙ্গে বিশ্রামে ছিলেন তামিম ইকবাল ও শফিউল ইসলাম। প্রতিপক্ষ ভারতও প্রস্তুতির খোলসেই আবদ্ধ ছিল। যেমনটা টস করার পরও ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংও ছিলেন ড্রেসিংরুমের আরাম কেদারায় গা এলিয়ে।

কথিত আছে ক্রিকেট বিশ্বে হাল সময়ে বাংলাদেশের অন্যতম প্রিয় প্রতিপক্ষ ভারত। কিন্তু প্রতিবেশীদের সামনে পেয়েও মাঠে যেন নিস্তরঙ্গ দেখা গেল বাংলাদেশ দলকে। দলকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান যেমন বোলিং করলেন মাত্র তিন ওভার। উইকেট প্রাপ্তিতে ছিল না বাড়তি আবেগ, উচ্ছ্বাস। ফিল্ডিংয়েও দলগত স্পিরিট দেখা যায়নি। পরিপূর্ণ প্রস্তুতির আবহেই টস জিতে বোলিং করল বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও ম্লান ছিলেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৯.৩ ওভারেই বোলাররা দিয়েছিলেন ৩৪২ রান। গতকালও খরুচে রূপেই ধরা দিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা। মেহেদী হাসান মিরাজ ছাড়া সবাই ওভার প্রতি পাঁচের বেশি রান দিয়েছেন। বাংলাদেশের এলোমেলো বোলিংয়ের সুযোগে ৫০ ওভারে সাত উইকেটে ৩২৪ রানের বিশাল স্কোর গড়ে ভারত।

এমন নির্বিষ বোলিংয়ে দিনেও আলো ছড়িয়েছেন রুবেল হোসেন। দারুণ ফর্মে থাকা এ পেসার ৯ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। রুবেলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলটা রোহিত শর্মার (১) ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। দলীয় ২১ রানে আজিংকা রাহানেও (১১) একইভাবে মুস্তাফিজের বলে বোল্ড হন। শেখর ধাওয়ান ও দিনেশ কার্তিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তারা ১০০ রান যোগ করেন। সানজামুল ইসলামের শিকার হওয়ার আগে ধাওয়ান ৬০ রান করেন।

উইকেটে এসে তেড়েফুড়ে ব্যাটিংয়ের চেষ্টা করেছিলেন কেদার যাদব। ৩১ রান করে তিনি সানজামুলের বলে বোল্ড হন। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন দিনেশ কার্তিক। কিন্তু ড্রেসিংরুমের বার্তা পেয়ে ব্যক্তিগত ৯৪ রানে অবসরে যান তিনি। পরে হার্ডিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাটে তিনশো ছাড়ায় ভারতের স্কোর। পান্ডিয়া ৫৪ বলে ৮০ রানে (৬ চার, ৪ ছয়) অপরাজিত ছিলেন। জাদেজা ২ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল তিনটি, সানজামুল ৭৪ রানে দুটি ও মুস্তাফিজ ৫৩ রানে একটি করে উইকেট পান। তাসকিন ৬ ওভারে ৪৫ রান ও মিরাজ ৯ ওভারে ৩৯ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকাররাও। বল হাতে ভারতের রানের চাকা থামানোর কাজে সফল হননি কেউ।

ইত্তেফাক/নূহু