বিশ্ব জলবায়ু চুক্তি একেবারেই অপরিহার্য: আন্তোনিও গুতেরেস

জলবায়ু পরিবর্তন হুমকি মোকাবেলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘জলবায়ু চুক্তি অপরিহার্য’। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে দেয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হচ্ছে। 
 
এসময় তিনি বলেন, ‘২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে কোনো দেশ সন্দেহ পোষণ করলেও, অন্য দেশগুলোকে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে এ লক্ষ্যে কাজ করে যেতে হবে।’
IMG0
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ শীর্ষ বৈঠকে জলবায়ু চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে এতে সমর্থন দেননি। এ বিষয়টিকে সামনে রেখেই এমন মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিব। অচিরেই মার্কিন অবস্থানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। 
 
ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুযায়ী, দু’বছর আগে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর সে মোতাবেক, বিশ্বের ১৯৫টি দেশের বাতাসে কার্বন দূষণের মাত্রা কমাবার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় শিল্পোন্নত সাত দেশ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে স্বাক্ষর করেছিলেন। তবে এখন ট্রাম্পের প্রশাসন সেখানে থাকবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
IMG1
তবে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘খুবই সরল বার্তা, স্থিতিশীলতার ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। এখন আপনাকে নির্ধারণ করতে হবে, আপনি তাতে উঠবেন কি না।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু