ভালুকায় শিশু ধর্ষণের পর হত্যা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর গফুর মৌলভীর মাজার সংলগ্ন এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে এক পাষণ্ড। খবর পেয়ে ওই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে ওই এলাকার আজিজুল হকের বাড়ির ভাড়াটিয়া ও জামালপুর জেলার আ. হাকিমের মেয়ে ইমা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে কোন জায়গায় পাওয়া যায়নি। আজ বুধবার সেহরির পর তার মা আবারও খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের বাড়ির উত্তর-পূর্ব কোনে বাঁশঝাড়ের নীচে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে ভালুকা মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। 
 
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/এমআই