নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে শুনানি শেষে এ জামিন দেয়া হয়।
শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আদালত আমাদের নথিপত্র ও বাদী পক্ষের নথিপত্র যাচাই বাছাই ও যুক্তি শুনে শ্যামল কান্তি ভক্তকে আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে।
মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইংরেজির শিক্ষক মোর্শেদা বেগমের চাকরি এমপিওভুক্ত করে দেয়ার জন্য তার কছে থেকে প্রথমে ৩৫ হাজার টাকা ঘুষ নেন। পরবর্তীকালে তার কাছ থেকে আরো এক লাখ টাকা ঘুষ নেয়া হয়। কিন্তু শিক্ষিকা মোর্শেদা বেগমকে এমপিওভুক্ত করার কোনো উদ্যোগ নেননি তিনি। এই ঘটনায় গত বছরের ১৪ জুলাই মোর্শেদা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
গত বছরের ১৩ মে ওই স্কুলে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশে শারীরিক নির্যাতন ও কান ধরে উঠ-বস করানোর ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার পর বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ শ্যামলকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে আদালত তাকে পুনর্বহাল করে।
ইত্তেফাক/কেকে