আক্কেলপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

 
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায়  নজরুল ইসলাম নামে এক স্বামীকে ফাঁসি ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে বিচারক ড. মো. আব্দুল মজিদ এ আদেশ দেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামের নজরুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নাজমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। হত্যার পরে লাশ বাড়ির পাশের ধানক্ষেতে রেখে পালিয়ে যান স্বামী।
 
পরে নাজমার ভাই আজিজার রহমান আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন। মামলার বাদী আজিজার রহমান বলেন, দেরিতে হলেও আমার বোনের হত্যার বিচার পেয়েছি। আমরা বিচার পেয়ে খুশি।
 
ইত্তেফাক/জামান