খুলনায় গৃহবধূ রহিমা বেগম হত্যা মামলায় স্বামী আলাউদ্দিন গাইন এবং দুই চাচা শ্বশুর শুকুর ও জবেদ গাইনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালে পাইকগাছা উপজেলার ঢ্যামসাখালী গ্রামের আবদুর রহিম গাইনের মেয়ে রহিমার সঙ্গে একই গ্রামের আলাউদ্দিন গাইনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলাউদ্দিন যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতে থাকে। ২০১০ সালের ৩০ মার্চ রাতে আলাউদ্দিন ও তার দুই চাচা মিলে রহিমাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আবদুর রহিম তিনজনকে আসামি করে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১০ সালের ১৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাইকগাছা থানার ওসি হুমায়ুন কবির উল্লিখিত তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করে আদালত।
ইত্তেফাক/ইউবি