আফগানিস্তানের কাবুলে বোমা হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে আফগান তালেবান। বুধাবর সকালে ব্যস্ত সময়ে এই হামলায় কমপক্ষে ৮০ জন নিহত ও ৩৫০ জন আহত হন বলে জানা গেছে।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, তালেবান যোদ্ধাদের এই হামলার সঙ্গে কোন ধরনের সম্পৃক্ততা নেই। সেই সঙ্গে বেসামরিক ব্যক্তিদের উপর আঘাত হানে এধরনের যেকোন লক্ষ্যহীন হামলাকে তালেবান যোদ্ধারা নিন্দা জানায়।
IMG0
কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, জার্মান দূতাবাসের প্রবেশে মুখের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তিনি বলেন, ‘জার্মান দূতবাসের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তরও রয়েছে।’ আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের জনস্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র।
শক্তিশালী ওই বোমা হামলায় জার্মান দূতাবাসের নিরাপত্তায় থাকা একজন আফগান নিরাপত্তাকর্মী নিহত হন ও কয়েকজন জার্মান নাগরিক আহত হয়েছেন বলে টুইটারে জানিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যব্রিয়েল।
ওই বিস্ফোরণ স্থলটি ভারতীয় দূতাবাস থেকে কয়েকশত মিটার দূরে এবং ভারতীয় দূতাবাসের সব কর্মী নিরাপদ আছে বলে জানা গেছে। রয়টার্স /এনডিটিভি।
ইত্তেফাক/রেজা