তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

 
সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এসময় পাঁচ বছরের শিশু রাহাদ, বাবলী বেগম ও নজরুল ইসলাম নামের তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
 
আহতদের তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ জানায়, পাঁচ হাজার টাকা পাওনা নিয়ে তাহিরপুরের রতন শ্রী গ্রামের ব্যবসায়ী এনামুল হক এবং ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ছুরত মিয়ার মধ্যে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
 
এর জেরধরে গতকাল বুধবার দুপুরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে তাহিরপুর বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ২০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। এসময় শিশু রাহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের স্ত্রী বাবলী বেগম ও নজরুল ইসলাম নামের আরেক গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
 
তাহিরপুর থানার ওসি নন্দন কানি ধর বলেন, 'পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে ২০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এক শিশু'র পায়ে গুলি লেগেছিল, স্থানীয় হাসপাতালেই গুলি বের করে চিকিৎসা দেওয়া হয়েছে শিশুটিকে।'
 
ইত্তেফাক/জামান