ঢাবিতে প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের খাবার সরানোর অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে বিশ্ববিদ্যালয়টির ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ‍উপলক্ষে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাবার হলের প্রাধ্যক্ষ সরিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে কিছু শিক্ষার্থী খাবার পাইনি।

হল প্রাধ্যক্ষ জিয়া রহমানের ব্যক্তিগত গাড়ির পেছেনের ডালায় প্যাকেটভর্তি খাবার অন্যত্র সরিয়ে নেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষার্থী।

এক শিক্ষার্থী বলেন, খাবারের ঘাটতি পড়েছে অনেক। বিকেল ৫টার দিকে আমাদের প্রাধক্ষ্য প্রায় ৫০ থেকে ১০০টি প্যাকেট খাবার অন্যত্র নিয়ে যান নিজের গাড়ির পেছনের ডালায় ভরে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের খাবার দিয়েছে। আর প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের খাবার নিশ্চিত না করে বাইরে নিয়ে গেছেন।

ভিডিওতে দেখা যায়, হলের কয়েকজন কর্মচারী প্রায় ৪৫-৫০টির মতো প্যাকেট অধ্যাপক জিয়া রহমানের স্টিকারযুক্ত গাড়িতে ভরে দ্রুত স্থান ত্যাগ করছেন।
এ বিষয়ে জিয়াউর বলেন, আমাদের হলের ছেলেরা ৪০০ কুপন নিয়েছে। ধারণা করছি অনেকগুলো থেকে যাবে এজন্য বাইরে দিয়েছি। আমরা এমন না যে ছাত্রদের রেখে খাবার খেয়ে ফেলব।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিষয়টি আমি দেখছি। শিক্ষার্থীদের খাবার হলের বাইরে যেতে পারে না।

ইত্তেফাক/নূহু