চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আজ

—চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কতো দূরে আছেন?

—এই তো মাত্র এক হাত!

পাশেই রাখা চ্যাম্পিয়ন্স ট্রফিটার দিকে আঙুল দেখিয়ে হাসতে হাসতে বললেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তারপর একটু গম্ভীর হয়ে বললেন, ‘যোগ্যতা, সামর্থ্য যে দলেরই যেমন হোক, এখানে সবাই ট্রফি জিততে এসেছে। আর আমাদের জন্য এটা নিজেদেরকে বড় আসরে প্রমাণের আরেকটা বড় মঞ্চ।’

হ্যাঁ, এই বড় মঞ্চ হিসেবেই আজ শুরু হচ্ছে অষ্টম চ্যাম্পিয়ন্স ট্রফি।

আজ বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচের ভেতর দিয়ে লন্ডন ওভালে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটেয় শুরু হবে খেলা। বাংলাদেশের তিনটি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা ও গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে খেলা।

১৯৯৮ সালে আইসিসি নক আউট টুর্নামেন্ট নামে শুরু হওয়া আসর প্রায় ২০ বছর পার করে আজ অষ্টমবারের মতো শুরু হচ্ছে। এই আসরের বিশেষত্ব হলো, দুই আসর বিরতির পর এবার আবার এখানে অংশ নিচ্ছে বাংলাদেশ। তাও আবার বাছাইপর্ব নয়, যোগ্যতার ভিত্তিতে সেরা আট দলের একটি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশ আট নয়, উঠে এসেছে ৬ নম্বরে।

আর এই উত্থান বাংলাদেশের ওপর প্রত্যাশার চাপও তৈরি করেছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই চাপটার কথা স্বীকার করলেন। তবে বললেন, আজকের ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড দুই দলের ওপরই প্রবল চাপ থাকবে, ‘ইংল্যান্ড তাদের নিজেদের মাঠে খেলছে। তারা গত কিছুদিন ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছে। শুধু আগামীকালই (আজ) নয়, তারা টুর্নামেন্টেরই অন্যতম ফেবারিট দল। ফলে তাদের ওপরও খুব চাপ থাকবে। চাপ আসলে দু’দলের ওপরই আমি সমান দেখতে পাচ্ছি।’

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ শুরুর আগে চাইলে বাংলাদেশ দারুণ কিছু অনুপ্রেরণার তথ্য খুঁজে পেতে পারে। সর্বশেষ দুটি ওয়ানডের বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছে তাদের। মাশরাফি মানছেন যে, এটা অনুপ্রেরণা। তবে অতীতে পড়ে থাকতে চান না তিনি, ‘অবশ্যই এটা আমাদের জন্য সুখের স্মৃতি, ভালো স্মৃতি। ওদেরকে পরপর দুটি বিশ্বকাপে হারিয়েছি। এটা ওদের জন্য বাড়তি চাপ হতে পারে। তবে আমি মনেকরি, সেটা অতীত হয়ে গেছে। কাল নতুন করেই শুরু করবে দুই দল।’

নতুন করে শুরু করে ফলাফলটা কী চান, সেটা মাশরাফি পরিষ্কার। আজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। এমনকি একদিন আগে এই ওভালে ভারতের বিপক্ষে বাজে একটা ব্যাটিং ধসও তিনি মাথায় রাখতে চাচ্ছেন না। তিনি মনে করেন, ওই ঘটনা ভুলে আজ জেতার ক্ষমতা আছে বাংলাদেশের, ‘আমরা জিততেই এসেছি। এই ধরনের বড় টিমের বিপক্ষে জয়ের একটা সাধারণ সূত্র হলো, শুরুটা ভালো করা। কিন্তু ইংল্যান্ড এমন একটা টিম যাদের বিপক্ষে জিততে হলে ভালো করলেই হবে না, সেটা ধরে রাখতে হবে। আশাকরি, সেটা পারবো।’

শেষ অবধি ফলাফলটা যাই হোক, মাশরাফি মনে করেন, এটা বাংলাদেশের জন্য একটা মঞ্চ, যেখানে নিজেদের দেখানোর সুযোগ আছে। সেই মঞ্চটা এবার কাজে লাগানোর পালা।

ইত্তেফাক/নূহু