‘মোরা’র প্রভাবে ভারী বর্ষণ

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে সৃষ্ট মুষলধারের বৃষ্টি ও জোয়ারের পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। গতকাল বুধবার দুপুর পর্যন্ত এই বৃষ্টিতে নগরীর দুই তৃতীয়াংশ পানির নিচে ডুবে থাকে। সেই সাথে সকালের দিকে জোয়ারের পানির তীব্রতায় নগরজুড়ে জলাবদ্ধতা প্রকট আকার নেয়। বুকসমান পানিতে ডুবে যায় বিভিন্ন এলাকা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অফিসার বিশ্বজিত্ চৌধুরী ইত্তেফাককে জানান, ঘূর্ণিঝড় মোরা বিদায় নেয়ার পর মঙ্গলবার সকাল ৯টা থেকে গতকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে রেকর্ড বৃষ্টিপাত।

দেখা গেছে, নগরীর হালিশহর, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ, বড়পোল, বাদুরতলা, দুই নং গেট, শোলকবহর, বহদ্দারহাট,                 স্টিলমিলসহ নগরীর অধিকাংশ এলাকাই দিনভর পানির নিচে ডুবে ছিল। এ সময় বেশিরভাগ এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ রাখতে বাধ্য হয় বিদ্যুত্ বিভাগ। বাসাবাড়ি ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের নিচতলা পানিতে ডুবে যায়। অধিকাংশ মানুষ ঘর থেকে বের হতে পারেননি। যারা অপারগ হয়ে বাইরে গেছেন, তাদের পড়তে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগে। তবে শেষ বিকালে পানি কমতে থাকে।

ইত্তেফাক/নূহু