যে মাঠে লড়াই আজ

লন্ডনের কেনিংটন ওভাল। এই মাঠেই আজ বৃহস্পতিবার সকল অপেক্ষার শেষে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। চলুন জেনে নেওয়া যাক মাঠটির আদ্যোপান্ত।
 
শহর : লন্ডন, ধারণ ক্ষমতা ২৪,৫০০
 
সংক্ষিপ্ত ইতিহাস: ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি ইংলিশ কাউন্টি ক্লাব সারের হোম গ্রাউন্ড। এ মাঠেই ইংল্যান্ডের মাটিতে ১৮৮০ সালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৮০০ দশকের শেষ দিকে ওভালের এ মাঠে এফএ কাপ (ফুটবল) ফাইনালের ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া ইংল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক ফুটবল ও রাগবি ম্যাচও আয়োজন করা হয় এখানে।
 
এটি লন্ডনের বড় মাঠগুলোর একটি এবং ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচও এখানে অনুষ্ঠিত হয়। ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এ মাঠে।
 
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের অনেক দুর্লভ মুহূর্তের সাক্ষী ওভাল। সর্বশেষ ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের লো স্কোরিং ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
 
এই ভেন্যুতেই ক্রিকেট কিংবদন্তী স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ১৯৪৮ সালে নিজের শেষ ইনিংসটি খেলেছিলেন। অতিরিক্ত মাত্র চার রান করতে সক্ষম হলেই টেস্ট ক্রিকেটে তাঁর গড় রান হতো ১০০।
 
ইত্তেফাক/মোস্তাফিজ