রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর মেডিকেল রিপোর্ট আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তাস্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ।
সোহেল মাহমুদ বলেন, সবগুলো রিপোর্ট আমাদের হাতে পৌঁছেছে। এ সংক্রান্ত আর কোনো রিপোর্ট বাকি নেই। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বসে বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপরই চূড়ান্ত রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে মেডিকেল রিপোর্টের ব্যাপারে সোহেল মাহমুদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত ৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই তরুণীর ফরেনসিক টেস্ট (শারীরিক পরীক্ষা) সম্পন্ন হয়। পরীক্ষাগুলো হলো মাইক্রোবায়োলজি, রেডিওলজি এবং ডিএনএ।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী। গত ৬ মে বনানী থানায় ওই তরুণীরা একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন— সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ। সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এদের মধ্যে চারজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ইত্তেফাক/কেকে