ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় জবেদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা ওই গ্রামের মৃত আদেল ফকিরের কন্যা।
বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, স্থানীয় এমপির ছেলে আয়মন আকবর বাবলুর সমর্থকরা দীর্ঘদিন ধরে আমার সমর্থকদের উপর নির্যাতন করে আসছে। বুধবার রাতে কোন কারণ ছাড়াই আমার সমর্থক লিঠু ফকিরের বাড়িতে হামলা চালায় বাবলু চৌধুরীর সমর্থক চান মিয়া, সাইদুল ইউনুস মাতব্বর, হেমায়েত মোল্লা ও দিপু মোল্লাসহ ১০-১২ জন। এসময় তাদের নিক্ষেপ করা ইটের আঘাতে লিঠুর দাদি জবেদা বেগম ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় অভিযুক্তরা পালিয়ে থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক বলেন, নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের দাগ রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এমআর