পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ১২০ কোটি টাকা

জলবায়ু পরিবতর্নের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে ২০১৭-১৮ অর্থবছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১২০ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 
 
প্রস্তাবিত বরাদ্দ ৫৩৫ কোটি টাকা অনুন্নয়ন এবং ৫৮৫ কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দ দেয়া হয়েছে। ২০১৬ -১৭ অর্থবছরে সংশোধিত উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ছিল ১ হাজার ৩৩ কোটি টাকা। 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত জাতীয় বাজেটে এ প্রস্তাব করেন। 
 
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। এ পরিবর্তন মোকাবেলায় কৌশল প্রণয়ন ও প্রস্তুতির অংশ হিসেবে কান্ট্রি ইনভেসমেন্ট প্লাস (সিআইপি) প্রণয়ন করেছি। এর আলোকে নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে আমরা কার্যক্রম গ্রহণ করবো। 
 
তিনি বলেন, এছাড়া স্বল্প কার্বন নিঃসরণযোগ্য উন্নয়ন ও এনার্জি এফিশিয়েন্ট ডেভেলপমেন্ট এর জন্য একটি কর্মকৌশল প্রণয়নের পরিকল্পনাও আমাদের রয়েছে।
 
বৃক্ষরোপণ ,পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামী তিন অর্থবছরে আমরা ২০ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন, ১৭ হাজার ৫ শত হেক্টর জমিতে অংশীদারিত্বমূলক ব্লক বাগান ও ৩ হাজার ৬ শত কিলোমিটার জমিতে স্ট্রিপ বাগান সৃজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এছাড়া জীব-বৈচিত্র্য সংরক্ষণে ২৫টি সংরক্ষিত এলাকায় সহব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।বাসস
 
ইত্তেফাক/ইউবি