ফেনীর লালপুর এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি গাড়ী ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুর এলাকায় এসে পৌঁছালে সেখানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটি বহনকারী একটি ট্রাকের পিছে আঘাত করে।
এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারী যাত্রী ও মামুন (১০) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
ইত্তেফাক/জামান