চৌগাছায় ছাত্রীর শ্লীলতাহানির বিচার দাবিতে মানববন্ধন

যশোরের চৌগাছার কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বহিষ্কৃত বিজ্ঞান বিভাগের শিক্ষক ইসমাঈল হোসেনের বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ।

 

বৃহস্পতিবার চৌগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নির্যাতিত ছাত্রীর পিতা মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, মার্চ মাসের ২৮ তারিখে অভিযুক্ত শিক্ষক আমার মেয়েকে স্কুল ছুটির পর জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ ঘটনায় আমরা ২৯ মার্চ চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

 

অভিযোগ প্রমাণিত হওয়ায় স্কুলের ম্যানেজিং কমিটি ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করে। এরপরও বিচার না করে হঠাত্ করেই ওই শিক্ষককে পুনঃযোগদান করিয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান। তিনি ওই দায়ী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সানোয়ার হোসেন বকুল, মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/নূহু