নেত্রকোনা জেলা সদরের সাথে হাওর উপজেলা মদন এবং খারিয়াজুরী উপজেলায় যেতে হলে মদন উপজেলার প্রবেশ মুখে বয়রাহলা নদীর উপর ২৩ বছর পূর্বে নির্মিত বেইলি সেতুটি এখন যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, ২৩ বছরে এই এলাকায় বাস ট্রাকসহ বড় বড় যানবাহ চলাচল করায় এবং সেতুটি অপ্রশস্ত থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
১৯৯৩ সনে তত্কালীন বিএনপি সরকারের আমলে এই নদীর উপর বেইলি সেতু নির্মাণ করা হয়। কিন্তু তখনই এলাকাবাসি প্রশস্ত পাকা সেতু নির্মাণের দাবি জানালেও অর্থাভাবে নাকি পাকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। গত ২২ বছরে হাওরের দুটি এলাকায় ট্রাকে পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় এবং যাত্রীবাহি বাসের সংখ্যাও সেই হারে বাড়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
একদিক থেকে এ সেতুতে বড় ট্রাক বা বাস উঠলে অপর দিক থেকে অন্য কোনো যান আসতে পারে না। কেবল ছোট ছোট যানবাহন দুদিক থেকে চলতে পারে। অপ্রশস্ত সেতুর কারণে বিভিন্ন সময়ে সেতুর উপর যানবাহনের সংঘর্ষে প্রাণহাণির ঘটনাও ঘটছে।
মদন উপজেলার মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ হারেছ বলেন, ‘বয়রাহলা বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে।’
এ দিকে, সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে—বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার সুযোগ থাকলেই কেবল নতুন পাকা সেতু নির্মাণ সম্ভব।
ইত্তেফাক/নূহু