‘ভিন্নমত দমনে গণধর্ষণের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন’

সুবর্ণচরে গণধর্ষণের প্রতিবাদে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

ইত্তেফাক রিপোর্ট

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর থানায় নির্বাচনকে কেন্দ্র করে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। তারা বলেছেন, ভিন্নমত থাকতেই পারে, তাই বলে তাকে দমন করতে গণধর্ষণের মতো ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলন থেকে বক্তারা নির্যাতনের শিকার নারীর ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ‘গত ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের পরে বাড়িতে ফেরার পথে স্বামীকে আটকে রেখে এক নারীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় মহিলা পরিষদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে যান। সেখান থেকে ফিরে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিষদ।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু, লিগ্যাল এ্যাডভোকেসি পরিচালক মাকছুদা আখতার লাইলী এবং এ্যাডভোকেসি পরিচালক জনা গোস্বামী বক্তব্য রাখেন।