ধুনটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

 
বগুড়ার ধুনট উপজেলার রনি আকতার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মাসুদ মণ্ডলকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার বাকশাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের সোনার উদ্দিনের মেয়ে রনি আকতারের প্রেমের সম্পর্ক ধরে প্রায় পাঁচ বছর আগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে মাসুদ মণ্ডলের সাথে বিয়ে হয়। মাসুদ মণ্ডল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে গাজীপুরের সখিপুর এলাকায় স্ত্রী রনিকে নিয়ে অবস্থান করতেন।
 
বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ব বিরোধের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। এরপর শুক্রবার সকাল ১১টার মাসুদ মণ্ডল তার স্ত্রীর লাশ নিয়ে বাকশাপাড়া গ্রামে শ্বশুর বাড়ি আসেন। এ সময় রনির লাশ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
 
থানা পুলিশ দুপুর ২টার দিকে রনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় স্ত্রী হত্যার অভিযোগে শ্বশুর বাড়ি থেকে মাসুদ মণ্ডলকে পুলিশ আটক করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, 'নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনাস্থল কালিয়াকৈর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। শনিবার সকালের দিকে মাসুদ মণ্ডলকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'ং
 
ইত্তেফাক/জামান