ম্যাচসেরা নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবাহনীকে হারালো গাজী

অধিনায়ক অলরাউন্ডার নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লীগে আবাহনী লিমিটেডকে হারালো গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজ সুপার লীগের চতুর্থ রাউন্ডের ম্যাচে আবাহনী ৬ উইকেটে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে। ফলে হ্যাট্টিক জয়ের পর প্রথম হারের স্বাদ পেলো আবাহনী লিমিটেড। পক্ষান্তরে সুপার লীগের চতুর্থ রাউন্ড শেষে তৃতীয় জয় পেলো গাজী। 
 
সাভারের বিকেএসপির তিন নম্বরে মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে গাজী। ব্যাটিং-এ নেমে ৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আবাহনী। পরের দিকের ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে ব্যর্থ। তাই ১৫৬ রানেই গুটিয়ে যায় আবাহনী। দলের পক্ষে আফিফ হোসেন ৩২ ও লিটন দাস ৩০ রান করেন। গাজীর মেহেদি হাসান ও নাসির হোসেন ৩টি করে উইকেট নেন। 
 
জবাবে নাসিরের অপরাজিত ৫৬ ও উইকেটরক্ষক আনামুল হকের ৪১ রানের সুবাদে ৮০ বল আগেই জয়ের স্বাদ পায় গাজী। ম্যাচের সেরা হয়েছেন নাসির। বাসস।
 
ইত্তেফাক/রেজা