আয়ারল্যান্ডে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারাদকার

আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হচ্ছেন লিও ভারাদকার। তিনি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীও হতে যাচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হচ্ছে। 
 
গতকাল ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২০০২ সাল থেকে তিনি এই দায়িত্বে আছেন। ৩৮ বছর বয়সী ভারাদকার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন, তিনি একজন সমকামী।
IMG0
জানা গেছে, রাজনীতিতে নামার আগে পেশায় একজন চিকিৎসক ছিলেন লিও। আইরিশ নার্স মা এবং ভারতীয় ডাক্তার বাবার ছেলে এই নতুন প্রধানমন্ত্রীর বিজয়ে সংবাদমাধ্যমে বেশি প্রচারিত হচ্ছে কম বয়সে তার ক্ষমতা লাভ, পারিবারিক প্রেক্ষাপট এবং তার সমকামী হওয়ার বিষয়টি।
 
শুক্রবার সন্ধ্যায় ফাইন গেলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হওয়ার পর লিও প্রতিক্রিয়ায় জানান, তিনি এর মধ্য দিয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে সামনে থাকা ‘বিশাল চ্যালেঞ্জ’ বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন বলেও জানান লিও।
IMG1
‘আমার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যদি কিছু প্রমাণ হয় তা হলো, পক্ষপাতিত্ব এই প্রজাতন্ত্রের ওপর কোনো প্রভাব রাখে না,’ বলেন লিও ভারাদকার, ‘আমার বাবা যখন নতুন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ৫ হাজার মাইল পাড়ি দিয়ে আয়ারল্যান্ড আসেন, আমার মনে হয় তিনি কল্পনাও করেননি তার ছেলে একদিন বড় হয়ে এই দেশেরই নেতা হবে।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু