সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইফতারের সময় ঘোল খেয়ে একই পরিবারের ৮ সদস্য অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রেল স্টেশন এলাকার দুলাল সরকারে পরিবারে। পরে অসুস্থ অবস্থায় তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
দুলাল সরকার জানান, তার ভাগিনা পাবনা জেলার নুর হোসেনের ছেলে সালাম সন্ধ্যয় ঘোল নিয়ে বাসায় আসে। পরে ইফতারিতে ভাগিনাসহ বাসার সবাই এই ঘোল পান করে। এরপর অসুস্থ হয়ে পড়ে তারা। তাদের অবস্থা অবনতি হলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় তাদের।
অসুস্থরা হলেন- দুলাল সরকারের বউ আছাতন, মেঝো ভাই সাকাত সরকার ও তার তিন ছেলে আজাদ, উজ্জল ও রুবেল। ছোট ভাই করিম ও সোহেল, ও ভাগিনা সালাম। তবে দুলাল সরকার এ ঘোল পান না করায় অসুস্থ হননি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাগিনা সালাম জানান, মামার বাসায় আসার পথে শাহজাদপুর থেকে ভ্রাম্যমান দোনাক থেকে ঘোল কিনেছিলাম। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অসুস্থ ৮ জনের চিকিৎসা চলছে। খাবারে সমস্যার জন্য মূলত এই সমস্যা দেখা দিয়েছে।
ইত্তেফাক/এমআই