ধুনটে মাছ ব্যবসায়ী দুই ভাইয়ের টাকা ছিনতাই

 
বগুড়ার ধুনট উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে মাছ ব্যবসায়ী দুই ভাইয়ের দেড় হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর-গোপালনগর সড়কের ধেরুয়াহাটি-বানিয়াগাতি গ্রামের ফাঁকা মাঠের ভেতর এ ঘটনা ঘটে।
 
মথুরাপুর মাছ বাজারের আড়তদার কায় কোবাদ হোসেন বলেন, উপজেলার বানিয়াগাতি গ্রামের পলান হাওয়াদারের ছেলে তপন কুমার ও স্বপন কুমার মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার মথুরাপুর হাটে মাছ বিক্রি করে রাত ৮টার দিকে হেটে বানিয়াগাতি গ্রামে বাড়ির দিকে রওনা হন তপন ও স্বপন। পথিমধ্যে ধেরুয়াহাটি ও বানিয়াগাতি গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে মাছ বিক্রির দেড় হাজার টাকা ছিনতাই করেছে। 
 
ছিনতাইকারীর কবলে পড়া মাছ ব্যবসায়ী তপন কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ৪-৫ জন যুবক আমাদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছ থেকে এক হাজার টাকা ও আমার ভাইয়ের কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছে। তবে, এই ছিনতাইকারীরা স্থানীয় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হবে।  
 
ধুনট থানার অফিসার ইনাচর্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/কেকে