সমকামিতা প্রতিরোধে ভিডিও তৈরীর উদ্যোগ মালয়েশিয়ার

সমকামিতা প্রতিরোধে সচেতনতার জন্য সবচেয়ে আকর্ষণীয় ভিডিও বানানোর পুরস্কার হিসেবে ১০০০ ডলার পুরস্কার ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারে এ সিদ্ধান্ত দেশটির সমকামি সম্প্রদায়ের মধ্যে আরো বেশি ভয়ের সৃষ্টি করবে বলে মানবাধিকার কর্মীরা শনিবার বলেছেন।
 
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সমকামিতা কিংবা ‘লিঙ্গ বিভ্রান্তি’ কারণ, প্রতিকার কিংবা নিয়ন্ত্রণের উপায় সম্বলিত একটি ভিডিও প্রতিবেদন জমা দিতে হবে। চলতি বছরে আগস্টে প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার হিসেবে এক হাজার থেকে চার হাজার রিংগিত পুরষ্কার দেয়া হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।
 
সংক্ষিপ্ত এই ভিডিও ক্লিপ তৈরিতে ‘প্রতিরোধ’ ‘নিয়ন্ত্রণ’ ও উত্তরণের উপায়ের সঙ্গে সঙ্গে সমস্যা ও তার ফলাফলের উপর জোর দিতে বলা হয়েছে। প্রতিযোগিতার থিম নির্ধারণ করা হয়েছে,  নিজেকে জান, স্বাস্থ্যকর জীবনধারণ কর।
 
মালয়েশিয়াতে সমকামিতা নিষিদ্ধ। এই অপরাধের শাস্তি হিসেবে কারাদণ্ড, শারীরিক শাস্তি ও জরিমানার মুখোমুখি হওয়ার বিধান আছে।
 
স্থানীয় মানবাধিকার কর্মী প্যান খিই টিক এফপিকে বলেন, সরকার যে এ বিষয়ে নিজেই সন্দিহান এটা বোঝা যায় কারণ সরকার নিজেই সমকামী সম্প্রদায়কে ‘লিঙ্গ বিভ্রান্তি’ ক্যাটাগরিতে রাখে। স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের আস্থাহীনতার কারণে মালয়েশিয়ার সমকামী সম্প্রদায়ের মানুষেরা যখন যথাযথ স্বাস্থ্যসেবাও পায়না তখন এই এসময় এধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে অবিশ্বাস ও আতঙ্কের মাত্রা আরো বাড়িয়ে দেবে।
 
এদিকে সমকামী অধিকারকর্মী নিশাব আয়ুব বলেন, সরকার মালয়েশিয়ার মানুষের মধ্যে ঘৃণা ও বৈষম্যকে নতুন করে উৎসাহ দেয়া হয়েছে।মন্ত্রনালয়ের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। এনডিটিভি।
 
ইত্তেফাক/রেজা