এক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার রানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিচুর রহমান (৪২)। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ডুমুরিয়ার বাসভবনের বাইরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রধান শিক্ষক শেখ আনিচুর রহমান অভিযোগে উল্লেখ করেন, উপজেলার পূর্ব শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিসহ তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাস ভবনে যান। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী চলে যাওয়া মাত্রই সাত নম্বর শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর কারণ জিজ্ঞাসা করা মাত্রই তিনি লোকজনের সামনেই তাকে এলোপাথাড়িভাবে মারধর করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শেখ আনিচুর রহমান চার মাস আগে পূর্ব শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত থাকাকালে চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখর চন্দ্র মল্লিককে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি করতে বলেন। কিন্তু তিনি সেটি না করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অচিন্ত্য হালদারকে নির্বাচিত করায় তিনি তার ওপর ক্ষিপ্ত ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত চার নম্বর খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান বলেন, 'চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য তার মনোনীত লোককে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বানাতে না পেরে প্রধান শিক্ষক আনিচুর রহমানের ওপর ক্ষুব্ধ ছিলেন। তাকে সামনে পেয়ে তিনি তার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলছিলেন। প্রধান শিক্ষক এর প্রতিবাদ করলে তিনি প্রকাশ্যে তাকে মারধর করেন।'
ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য প্রধান শিক্ষক আনিচুর রহমানকে রাজাকার বলেছিলেন স্বীকার করে বলেন, 'রাজাকার বলার অপরাধে প্রধান শিক্ষক তার দিকে তেড়ে আসেন। এ সময় তিনি নিজেকে রক্ষা করতে তাকে ধাক্কা দেন।' ডুমুরিয়া থানার ওসি আব্দুল খালেক বলেন, 'প্রধান শিক্ষক থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।'
ইত্তেফাক/জামান