আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শেষকৃত্য অনুষ্ঠানস্থলে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এঘটনায় আরো অনেকেই আহত হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়েছে।
বিশিষ্ট এক আফগান রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে সেলিম ইজাদাইয়ার নামের ওই ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে সিরিজ হামলায় অনেক মানুষ আহত ও নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী আব্দুল ওদুদ এএফপিকে জানিয়েছেন। শুক্রবার কাবুলে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে যে চারজন ব্যক্তি মারা যান তাদের মধ্যকার একজন ছিলেন ইজাদাইয়ার।
শেষকৃত্য অনুষ্ঠানে আফগান সরকারের জেষ্ঠ্য সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তবে তার অফিস সূত্রে জানা যায়, তিনি নিরাপদে আছেন।
উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলে গত বুধবারের ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে শুক্রবার শতশত মানুষ বিক্ষোভ করেছে। এসময় তারা সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা জানান,সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। বিক্ষোভ একমুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করে, টিয়ারশেষ নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। এসময় ইজাদাইয়ারসহ চারজন নিহত হন। এনডিটিভি।
ইত্তেফাক/রেজা